বিশ্বশান্তি কামনায় শাল্লায় ৩দিনব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব শুরু

প্রকাশিত January 25, 2024
বিশ্বশান্তি কামনায় শাল্লায় ৩দিনব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব শুরু

শাল্লা প্রতিনিধি : বিশ্বশান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এবারও শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও আঞ্চলিক ভক্তবৃন্দের উদ্যোগে ২৪ প্রহর (৩ দিনব্যাপী) ৪৪তম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
বুধবার, ২৪ জানুয়ারি (১১ মাঘ) দুপুর ২টায় গীতাপাঠের মধ্য দিয়ে সংকীর্তনের শুভ সূচনা হয়।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ২৬ ও ২৭ জানুয়ারি পর্যন্ত দাঁড়াইন নদীর তীরে ঘুঙ্গিয়ারগাঁও বাজার সংকীর্তন মাঠে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের মহোৎসব চলবে। এ উপলক্ষে ভক্তবৃন্দের জন্য দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে নাম কীর্তন পরিবেশন করবেন খুলনার মা ভবতারিণী সম্প্রদায় ও আদি রাধারানী সম্প্রদায়, গোপালগঞ্জের যোগমায়া সম্প্রদায়, সচিদানন্দ সম্প্রদায় ও দেবদেবী সম্প্রদায় এবং সিলেটের নবসখী সম্প্রদায়।
হরিনাম সংকীর্তন পরিচালনা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শাল্লা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাশ জানান, পৃথিবীর সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্যই এই নাম সংকীর্তনের আয়োজন করা হয়।
এবছর সংকীর্তন মহোৎসবে ৬০ থেকে ৭০ হাজার ভক্তের সমাগম হবে বলে তারা আশা করছেন।
সংকীর্তন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোজ কান্তি সরকার খোকন জানান, আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশ সর্বাত্মক সহযোগিতা করছে।
শনিবার দধিভঙ্গের মধ্য দিয়ে এই সংকীর্তন মহোৎসব সমাপ্ত হবে।