নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৩ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৩টা থেকে বিকেল পৌণে ৫টা পর্যন্ত বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ে চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ আইন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আনিকা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের মালিক মো নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা ও পলাশ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার জরিমানা করা হয়।
একই দিন র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল আনুমানিক দুপুর পৌণে ১২টা হতে প্রায় এক ঘণ্টা কমলগঞ্জ পৌরসভার চৌমোহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও পণ্যের মূল্য তালিকা প্রকাশ্যে না রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা ও রুহান ভেরাইটিজ স্টোরের মালিক হোসাইন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করে।