বিশ্বম্ভরপুরে মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়ের কমিটি বাতিল দাবিতে মানববন্ধন

প্রকাশিত September 3, 2023
বিশ্বম্ভরপুরে মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়ের কমিটি বাতিল দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুরারি চাঁদ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভূষণ তালুকদারকে শারীরিকভাবে লাঞ্চিত করে জোরপূর্বক পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিমের নিয়োগ বাণিজ্য বন্ধ ও ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
রবিবার, ৩ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান শিক্ষার্থীসহ, ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যসহ এলাকার বিশিষ্টজনরা অংশ নেন।
প্রাক্তন শিক্ষার্থী রূপম তালুকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য ডা বাদল বর্মন, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক দ্বিপাল ভট্টাচার্য্য, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিন মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু দাস, প্রাক্তন শিক্ষার্থী সবুজ মিয়া, মহিবুর রহমান, পিনাক তালুকদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের ২২ নভেম্বর সিন্ডিকেটের মাধ্যমে তৈরি ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল হেকিমের নেতৃত্বে একটি চক্র নীতিমালা লঙ্ঘন করে গত ১ সেপ্টেম্বর মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভূষণ তালুকদারকে জিম্মি করে পদ থেকে জোরপূর্বক অপসারণ করে অন্যায়ভাবে সহকারী শিক্ষক সঞ্জীবন রায়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে নেয়।