বিশ্বনাথে নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কঙ্কাল উদ্ধার

প্রকাশিত February 26, 2023
বিশ্বনাথে নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে।
এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় শনিবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর এলাকার রাজারবাজারের পশ্চিমপাশে কবরস্থানে ঝোঁপঝাড়ের ভিতরে একটি শেওড়া গাছের নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ কঙ্কালের পাশে থাকা একটি জ্যাকেট, এক জোড়া স্যান্ডেল ও কোমড়ে বাধা একটি কাপড়ের ব্যাগ থেকে অন্যান্য কাগজের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। তাতে নাম-পরিচয় লেখা মো সেবুল মিয়া, পিতা আশ্বদ আলী, মাতা নেছা বিবি, পুরান সৎপুর, বিশ্বনাথ, সিলেট। এর সূত্র ধরে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
সেবুল মিয়ার ভাগনে ছয়ফুল মিয়া ও একমাত্র বড়ভাই ফারুক মিয়া সহ স্থানীয় লোকজন জানান, সেবুল মিয়া মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন ও নেশাগ্রস্ত ছিল। সে মাঝে মধ্যে নিরুদ্দেশ হয়ে যেতো। মাস দুয়েক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে আরও মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এক পর্যায়ে এলাকায় আর তাকে দেখা যাচ্ছিলনা।
সিআইডি ও পিবিআই, সিলেটের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্র তথ্য বিবরণী