বিশ্বনাথের আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশিত March 1, 2026
বিশ্বনাথের আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব প্রবাসী সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওনপুর গ্রামের সামছুল হক স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তার পৈতৃক কৃষিজমি দখল, প্রাণনাশের হুমকি দেওয়া ও হয়রানির অভিযোগ করেছেন।
রবিবার (১ মার্চ/১৬ ফাল্গুন) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সামছুল হক জানান, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। ২০২৩ সালে দেশে অবস্থানকালে তার কাছে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো আরশ আলী নিজের কৃষিজমি বিক্রির প্রস্তাব দেন; কিন্তু তাতে তিনি রাজি না হওয়ায় বিভিন্নভাবে জমির মালিকানা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়।
তিনি উল্লেখ করেন, বিরোধ সংক্রান্ত বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়; কিন্তু তাতে ফল না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে আদেশ দেন।
তবে আদালতের আদেশের পরও মো আরশ আলী ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়রানি অব্যাহত রাখেন বলে অভিযোগ করে সামছুল হক আরও দাবি করেন, প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সামছুল হক জানান, এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তিনি তাকে হত্যার হুমকির অডিও রেকর্ড, জমি দখলের স্থিরচিত্র এবং আদালতের আদেশের অনুলিপি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।