কামাল মনসুর, লন্ডন : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশননের সাবেক প্রেসিডেন্ট কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ ফিরুজ আর নেই
ব্রিটেনের কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
গত ২১ অক্টোবর মৌলভীবাজার জেলা সদরের কচুয়ায় নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের প্রথম নামাজে জানাজা ১৯ অক্টোবর কার্ডিফ শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয়।
এর পূর্বে কমিউনিটিতে মরহুমের নানা অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, শাহজালাল মসজিদের সাবেক ট্রাস্টি গোলাম মোহাম্মদ মোস্তফা, যুক্তরাজ্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি এম এ রহিম সিআইপি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, মরহুমের জামাতা এনায়েত সরওয়ার, মল্লিক মোসাদ্দেক আহমেদ ও একমাত্র ছেলে মোহাম্মদ রাসেল ফিরুজ।
তার মৃত্যুতে দেশে-বিদেশে বিভিন্ন জন গভীর শোক প্রকাশ করেছেন।