নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরক পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র্যাব-৯ রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌণে ১২টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলাধীন সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তে সুরাইঘাট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ১৩১৪/এমপি থেকে আনুমানিক ৭.৫ কিলেমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপুর নামক স্থানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ১৪টি বিস্ফোরক পাওয়ার জেল ও ১৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইস এক্সক্লুসিভ ডিভাইস প্রস্তুত করা সম্ভব বলে বিজিবি জানিয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে।