নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মবাড়িয়ার বিজয়নগরের পর্ণোগ্রাফি মামলায় অভিযুক্ত একজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ মামলার বিবরণ দিয়ে জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার এক নারীর সঙ্গে ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর সুহেল আহমদ নামের একজনের বিয়ে হয়; কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রীকে বিভিন্ন কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান।
তবু তিনি শান্তিতে থাকতে পারছিলেন না। কারণ সুহেল আহমদ তার নিকট বিভিন্নভাবে টাকা দাবি করতে থাকেন; কিন্তু তা পেতে ব্যর্থ হয়ে তিনি তাদের দাম্পত্য জীবনকালের গোপনে ধারণকৃত নগ্ন ছবি ও বিশেষ মুহূর্তের ছবি প্রাক্তন স্ত্রীর কাছে মোবাইল ফোনে পাঠিয়ে নগদ ২ লাখ টাকা দাবি করেন; কিন্তু তাতেও স্বার্থ হাসিল করতে না পেরে অশ্লীল কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমোর মাধ্যমে ছবিগুলো প্রচার করতে থাকেন।
এ ব্যাপারে সুহেল আহমদের প্রাক্তন স্ত্রী বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল গত ৪ অক্টেবর আনুমানিক রাত পৌণে ৮টায় সিলেটে শাহপরান মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুহেল আহমদকে (৪০, পিতা আব্দুল হক, ধুলাই শাহী ঈদগা, এসএমপি, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।