বিএনপি চায় জনগণ আবার রাজনীতির মালিক হোক : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত October 11, 2025
বিএনপি চায় জনগণ আবার রাজনীতির মালিক হোক : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আমরা চাই জনগণ আবার রাজনীতির মালিক হোক। রাষ্ট্রের মালিকানা ফিরে যাক জনগণের হাতে। বিএনপি ক্ষমতায় যেতে চায় জনগণের অধিকার ফিরিয়ে দিতে। চলমান দুঃসময় থেকে মুক্তির পথ হলো বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন। জনগণের ম্যান্ডেটেই হবে পরিবর্তনের সূচনা।”
সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেছেন, “আমরা সিলেট থেকে নতুন বার্তা ছড়িয়ে দিতে চাই—যাতে আর কেউ সিলেটবাসীকে বঞ্চিত করতে না পারে। অনেক হয়েছে বঞ্চনা আর নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ-কোনো গোষ্ঠী নয়। ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শনিবার (১১ অক্টোবর/২৬ আশ্বিন) বিকেল ৫টায় বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরের মৈশাষী সেতু সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি বিশ্বাস করে- জনগণের ভোটেই পরিবর্তন আসবে। ভোটের মাধ্যমেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে-প্রশাসন হবে নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও প্রকৃত জনগণের সরকার গড়ে উঠবে।”
সমাবেশে পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সিদ্দিকীর সভাপতিত্বে ও শেখ সুহেল আহমদ বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ প্রচার সম্পাদক শাহিন আলম জয় ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল।–সংবাদ বিজ্ঞপ্তি