জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার নারীদের উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এই ৩১ দফা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। এই ৩১ দফার গুরুত্বপূর্ণ বার্তাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
রবিবার (২ নভেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার অংশ হিসাবে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সবচেয়ে বেশি হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এ নির্যাতন-নিপীড়নের জবাব দিতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজান আলী, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ রুলন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ।