বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বদলে যাবে বাংলাদেশ : ফয়সল চৌধুরী

প্রকাশিত October 10, 2025
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বদলে যাবে বাংলাদেশ : ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ৩১ দফা হচ্ছে এমন একটি কর্মসূচি, এমন একটি কমিটমেন্ট, যা বাস্তবায়ন হলে আমূল বদলে যাবে বাংলাদেশ। ৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি সুচিন্তিত প্রচেষ্টা। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের দল বিএনপির বহু বছরের গবেষণা ও সুচিন্তার ফল। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে এই ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিতে দেশ ও মানুষের প্রকৃত আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়সল চৌধুরী আরও বলেন, আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের সমাজ, অর্থনীতি, গণতন্ত্র সব এখন ভঙ্গুর। রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে-ক্ষতিগ্রস্ত করেছে। এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর এজন্যই ৩১ দফা হবে সবচেয়ে বড় সহায়ক। এই ৩১ দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করছে। তারা পরাজিত হওয়ার ভয়ে নির্বাচন বানচাল করতে চায়; কিন্তু বাংলার মানুষ তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
বিএনপির ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুম আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য এম এ ছায়াদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শাহাজান আহমদ ও রাহাত চাকলাদার।–সংবাদ বিজ্ঞপ্তি