সিলেটের দক্ষিণ সুরমার কয়েকটি স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) এমন অভিযোগ জানিয়ে ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর ভাই মো নিজাম উদ্দিন এসএমপির দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরি-জিডি করেছেন।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব।
দু’টি সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার ও লিফলেট বিতরণ এবং ফেস্টুন ঝুলানো চলছে; কিন্তু বুধবার সন্ধ্যার পর দক্ষিণ সুরমা থানাধীন তেতলী ইউনিয়নের বলদী রাস্তার মুখে ও মোগলাবাজার থানাধীন কলাবাগান বাজারে দেখা যায়, কে বা কারা ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।
ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর ভাই মো নিজাম এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।