বাহুবলে ১৭ মামলার আসামিকে হত্যার দায়ে একজন গ্রেফতার

প্রকাশিত November 13, 2025
বাহুবলে ১৭ মামলার আসামিকে হত্যার দায়ে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, জেলার বাহুবল উপজেলার ভুগলী দক্ষিণপাড়া এলাকায় গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৪টায় পূর্বপরিকল্পিতভাবে কয়েক ব্যক্তি দা, লোহার রড, লাঠিসোটা ইত্যাদিতে সজ্জিত হয়ে এসে ১৭ মামলার আসামি জামাল মিয়াকে ঘর থেকে ধরে নিয়ে যায়।
পরে সকাল ৬টার দিকে একটি ধান ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে জামাল মিয়ার স্ত্রী বাদি হয়ে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১২ নভেম্বর) আনুমানিক বিকেল পৌণে ৫টায় জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার মসজিদের সামনে অভিযান পরিচালনা করে মামলার আসামি কাইয়ুম মিয়াকে (৩০, পিতা জলিল মিয়া, স্বর্ণরেখা, বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করে। তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এই মামলার অপর এক আসামিকে গত ১৩ সেপ্টেম্বর র‌্যাব-৯ গ্রেফতার করে।