নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রীকে অপহরণে অভিযুক্তকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করেছে।
র্যাব-৯ জানায়, গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার হামিদনগর রাস্তার মুখ থেকে ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়।
এ ব্যাপারে তার পিতা বাদি হয়ে বাহুবল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে বাহুবল থানার মামলা {(নং-০১, তারিখ-০৩/১০/২০২৫ খ্রি, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী আইন ২০২০) এর ধারা ৭/৩০} মূলে অপহরণের মূলহোতা মো জাকারিয়া আহমদকে (২০, পিতা জালাল উদ্দিন, দারিপুর বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।