বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫০ জন

প্রকাশিত April 9, 2023
বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫০ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৫০ জন। উপজেলার কুশিয়ারতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
সংঘর্ষে নিহত জাহাঙ্গীর মিয়া (৩৫) এই গ্রামের ধলাই মিয়ার ছেলে। বুকে টেঁটাবিদ্ধ হয়ে তিনি মারা যান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক ইউপি মেম্বার আজমান মিয়া ও কাছম আলীর পক্ষের মধ্যে একটি জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৭ মার্চ শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিষয়টি সমাধানও হয়ে যায়।
কিন্তু শনিবার, ৮ এপ্রিল সন্ধ্যায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এদিকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ সময় হাসপাতাল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান হাসপাতালে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।