বানিয়াচংয়ের গ্রামে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ২

প্রকাশিত August 22, 2023
বানিয়াচংয়ের গ্রামে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ২

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ দুইজন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা বাড়িতে লুটপাট করে বলেও অভিযোগ করা হয়েছে।
আহতরা জানান, শাহপুর গ্রামের আকছির মিয়ার ছেলে নাসির মিয়ার সঙ্গে একই গ্রামের কালন মিয়া, মাহমুদ মিয়া, আব্দুল্লাহ মিয়া ও তাহের মিয়াদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছে। চলছে মামলা-পাল্টা মামলা। এ অবস্থায় সোমবার, ২১ আগস্ট বিরোধপূর্ণ জায়গায় নাসির মিয়ার মা পারুল বিবি লোকজন নিয়ে বেড়া দিতে যান। এ সময় কালন মিয়ারা গিয়ে বাধা দিলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ হামলা চালালে নাসির মিয়ার ভাই আব্দুর রহিম আহত হন। পরে তাকে টমটমে করে হবিগঞ্জে নেওয়ার পথে ফের হামলা হলে পারুল বিবি আহত হন।
পারুল বিবি ও আব্দুর রহিমকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।