নিজস্ব প্রতিবেদক : সিলেটে তিনদিনব্যাপী বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হচ্ছে।
আগামীকাল শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সভাপতিত্ব করবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি ড মো জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলম।
অনুষ্ঠানসূচি অনুযায়ী ১৫ মে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন, ১৬ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১৭ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিকাল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও মেলা উদযাপন সংক্রান্ত প্রচার উপকমিটির আহ্বায়ক আশরাফুর রহমান প্রেরিত এক পত্রের বরাত দিয়ে পিআইডি খবরটি দিয়েছে।