সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসএমসিসিআই ও ইন্ডিয়ান ইম্পোটার্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-আইআইসিসিআই দু’দেশের ব্যবসায়ীদের ব্যবস্থাপনার দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে একমত হয়েছে।
মঙ্গলবার আইআইসিসিআইর উদ্যোগে দুই সংগঠনের পরিচালনা পর্ষদের ভার্চুয়াল মতবিনিময় সভায় এ ঐকমত্য হয়।
সভায় সভাপতিত্ব করেন, আইআইসিসিআই সভাপতি অতুল কুমার ছেক্সিনা। এসএমসিসিআইর পক্ষে সংযুক্ত ছিলেন,সংগঠনের সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি হাসিন আহমদ ও পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী। আইআইসিসিআইর পক্ষে উপস্থিত ছিলেন, রেসিডেন্ট ম্যানেজার আমরেন্দা সিং, এডমিন পামেলা পাল, এসিসটেন্ট এডমিন সুজাতা রক্ষিত তনু ও সিনিয়র এক্সিকিউটিভ সুলতানা শীলা।
১২০১৯ সালে আইআইসিসিআইর সঙ্গে এসএমসিসিআইর একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়। এরপর দুই সংগঠনের প্রতিনিধিদের এটিই প্রথম সভা। এতে দুই সংগঠনের সভাপতি সমঝোতা স্মাক্ষর সম্পাদনের জন্য দুই পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় উভয় দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আইআইসিসিআইর সভাপতি বলেন, বাংলাদেশে আইআইসিসিআই প্রায় ৩০০ সদস্য রয়েছে। এরমধ্যে বসুন্ধরা গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, রূপায়ন গ্রুপ, পাওয়ার ভিশন গ্রুপ, টেকনো মিডিয়া লিমিটেড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড উল্লেখযোগ্য।
তিনি জানান, আইআইসিসিআই শীঘ্রই বিদেশী সদস্যদেরকে সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্য এবং বিদেশী ও দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রচারের সুবিধার্থে অনেক দেশে অফিস খুলতে যাচ্ছে।
এসএমসিসিআইর সাবেক সভাপতি হাসিন আহমদ বলেন, উভয় দেশের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিনিয়োগ বৃদ্ধিতে এবং অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়নে এসএমসিসিআই আইআইসিসিআইর সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, সিলেটে আইটি খাত ও পর্যটন খাতসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য উভয় চেম্বার একসঙ্গে কাজ করবে।
এভাবে ঘনঘন মতবিনিময় সভার আয়োজন করলে উভয় দেশের ব্যবসায়ীদের সম্ভাবনার ক্ষেত্র আরো উন্মোচিত হবে বলে তিনি অভিমত রাখেন।-সংবাদ বিজ্ঞপ্তি