প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন, ভোটারের হাতের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনে দেওয়া ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। বর্তমান সরকার কথায় নয়-কাজে বিশ্বাসী তা ইতোমধ্যেই প্রমাণ করেছে।
শনিবার (১৬ মে/২ জ্যৈষ্ঠ) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের নিয়ে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণমাধ্যমকর্মীদের ভাবনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আরো সক্রিয় ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে।
একইসঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক সাংবাদিকতা সময়ের দাবি।
সেমিনারে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মো ওয়ালিদুর রহমান ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পিআইডি