বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার নতুন শপথ জাতির

প্রকাশিত December 17, 2021
বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার নতুন শপথ জাতির

নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে নতুন করে শপথ নিয়েছে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীতে সংসদ ভবনের দক্ষিণপ্লাজা থেকে তথ্য প্রযুক্তি (ভার্চ্যুয়াল) পদ্ধতিতে শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, বঙ্গবন্ধুর ছোটমেয়ে, তার বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান পরিচালনার আগে জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন।
শপথ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদের রক্ত বৃথা যেতে দেব না-দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।

মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

শপথ গ্রহণ শেষে সমবেত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ‘জয়বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তুলেন।