ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত নির্ধারক : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত December 5, 2025
ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত নির্ধারক : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো একটি রাজনৈতিক দলের সীমাবদ্ধ নেত্রী নন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক। তার সুস্থতা ও মুক্তি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর/২০ অগ্রহায়ণ) বাদ জুম্মা হযরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে। সামনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্ধারিত লড়াই। বিএনপি প্রস্তুত, জনগণ প্রস্তুত-দেশ পরিবর্তনের সময় এসে গেছে।
তিনি বলেন, ”গত কয়েক বছরে অস্থিতিশীলতা, অব্যবস্থাপনা, লুটপাট ও গণতন্ত্রহীনতার যে অবসান মানুষ চায়-সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে। আমরা চাই একটি মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকার, যেখানে জনগণের ভোটই রাষ্ট্রক্ষমতার একমাত্র ভিত্তি হবে।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দেশ-বিদেশে মানুষের উদ্বেগ–আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতি প্রত্যাশা করে-বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।
জেলা বিএনপি সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, সহসভাপতি শহিদ আহমদ ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল, উপদেষ্টা কামরুল হাসান শাহীন, যুগ্মসম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ।
জেলার প্রতিটি মসজিদে জুম্মার নামাজ শেষে একই কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন শাখায়ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষও নিজ নিজ ধর্মমতে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনায় অংশ নেন।–সংবাদ বিজ্ঞপ্তি