সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ‘বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ মে সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সুফলভোগী নির্বাচিত ৫০ জন মহিষ খামারিকে নিয়ে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড এস এম জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন বিএলআরআইর মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড গৌতম কুমার দেব, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা মো মারুফ হাসান, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো মিজানুর রহমান মিয়া এবং বিএলআরআইর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপপ্রকল্প পরিচালক মো আশাদুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো ইকবাল হোসেন।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিষ খামারিগণ লাভজনক পদ্ধতিতে খামারে মহিষ পালন, বয়সভিত্তিক বিভিন্ন মহিষের খাদ্য ব্যবস্থাপনা; কাঁচা ঘাস সংরক্ষণের আধুনিক প্রযুক্তি; গর্ভবতী, প্রসূতি, দুগ্ধবতী ও বাছুরের স্বাস্থ্য ব্যবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী এবং কৃমি প্রতিরোধে খামারিদের করলীয় সম্পর্কে জানতে পারেন।
বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধেল গাভী মহিষ ও আদর্শ প্রজনন উপযোগী ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারিরা সুনিপুণ ধারণা অর্জন করেন।
এছাড়াও খামারিদেরকে সুষম দানাদার খাবার মিশ্রণ প্রক্রিয়া, ইউএমএস (ইউরিয়া মোলাসেস স্ট্র) প্রযুক্তি, টিএমআর (টোটাল মিক্সড রেশন) প্রযুক্তি হাতে কলমে শেখানো ও প্রদর্শনীর মাধ্যমে ধারণা দেওয়া হয়।
কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন বিএলআরআইর মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো কামরুল হাসান মজুমদার।
উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, হাওরে মহিষ পালন সম্ভাবনাময়। বিজ্ঞানভিত্তিকভাবে মহিষ পালন দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
তিনি উচ্চ ফলনশীল ঘাস চাষের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড গৌতম কুমার দেব হাওরে খামারিদের মহিষ পালনে সমস্যাগুলোর কথা শোনেন এবং সমাধানের জন্য নানা পরামর্শ দেন।
তিনি খামারিদের বিজ্ঞানভিত্তিকভাবে মহিষ পালন করতে আধুনিক নানা কলাকৌশল সম্পর্কেও ধারণা দেন। সংবাদ বিজ্ঞপ্তি