বিনোদন দুনিয়ার জন্য একটি বড় খবর। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টকিজ’ ১২ মাসে ১২টি ফিল্ম নিয়ে শিগগিরই আসতে যাচ্ছে ভার্চ্যুয়াল দুনিয়ায়। একটি প্ল্যাটফর্ম থেকেই বছরে ১২টি সিনেমা মুক্তির ঘোষণা সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ প্রাপ্তি।
২০২৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করবে ‘টকিজ’। এরই মধ্যে চলচ্চিত্রের শুটিং শুরু হয়ে গেছে। প্রতিটি ছবিই হবে তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা ছবিগুলো বানাচ্ছেন। চলচ্চিত্রের শিল্পী ও গল্প নির্বাচন থেকে শুরু করে, নির্মাতার নাম, দৃশ্যায়ন—সবকিছুতেই থাকছে অভিনবত্বের ছাপ।
স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ব্যবস্থাপনা পরিচালক ধীমন বড়ুয়া জানান, ফিল্ম, ফান, ফূর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে ‘টকিজ’। প্রতি মাসে নতুন সিনেমা দেখার পাশাপাশি বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ, শর্টফিল্ম, মিনি সিরিজ ও ওয়েব শো এখানে থাকছে। তারা ‘টকিজ’কে বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চান।
‘টকিজ’-এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ ও শর্টফিল্ম। ৬ মাস ও ১ বছরের সাশ্রয়ী সাবস্ক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবেন পছন্দের কনটেন্ট। প্রিমিয়াম ও অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিনামূল্যেও ফিল্ম, ফান ও ফূর্তি উপভোগ করা যাবে কোনো ‘লগ–ইন’ বা ‘সাইনআপ’ ছাড়া।
ধীমন বড়ুয়া বলেন, নতুন বছরে একে একে প্রতিটি কনটেন্টের খবর তারা জানাবেন। প্রতিটি কনটেন্টেই আছে আকর্ষণীয় সব চমক। ‘টকিজ’ দেখা যাবে সব ধরনের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও টিভি অ্যাপ থেকে। যেকোনো মোবাইল অপারেটরের ইন্টারনেট ও ওয়াই–ফাই ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই দেখতে পারবেন।–সংবাদ বিজ্ঞপ্তি