নিজস্ব প্রতিবেদক : সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী আর নেই।
শুক্রবার (১০ অক্টোবর) আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
গত ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক যান। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন। তার মরদেহ নিউইয়র্কেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তায় বলেছেন, এমন গুণী ব্যক্তির শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। সিলেটের এই বিশিষ্টজন জেলা প্রেসক্লাবের সকল নির্বাচনে সফল নির্বাচন কমিশনার ছিলেন।
শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।