প্লাস্টিক মানুষ ও প্রাণীকুলের জন্য নীরব ঘাতক || সিলেটে পরিবেশ শিক্ষণ কর্মশালা

প্রকাশিত July 12, 2023
প্লাস্টিক মানুষ ও প্রাণীকুলের জন্য নীরব ঘাতক || সিলেটে পরিবেশ শিক্ষণ কর্মশালা

পরিবেশ বিজ্ঞানী ড হোসেইন শাহরিয়ার বলেছেন, পরিবেশ দূষণের অন্যতম প্রধান উপকরণ প্লাস্টিকের ক্ষতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। প্লাস্টিক পণ্য শুধু পরিবেশের জন্যই বিপর্যয়কারী নয়, মানুষ-প্রাণীকুলের জন্যও নীরব ঘাতক। ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ সচেতন সকল মহলকে প্লাস্টিক পণ্যের ক্ষতিকর দিক সবার সামনে তুলে ধরে দেশ ও জাতিকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে।
বুধবার ১২ জুলাই দুপুরে সিলেট এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন-এসডো আয়োজিত দু’দিনব্যাপী পরিবেশ শিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস’ প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথে ওমর ফারুক (রা) একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো মর্তুজা আলী।
শিক্ষার্থীদের কাছে প্লাস্টিক পণ্যের ভয়াবহ ক্ষতি সম্পর্কে তথ্যবহুল আলোচনা তুলে ধরেন এসডোর সহকারী প্রোগ্রাম অফিসার খলিলুর রহমান, প্রজেক্ট এসোসিয়েট জান্নাতুল ফেরদৌস জুবলী ও জুনিয়র প্রজেক্ট এসোসিয়েট ফুলকুমারী খাসিয়া।
উল্লেখ্য, এসডো সিলেট জেলায় দুটি উচ্চবিদ্যালয়ে একই সঙ্গে এই পরিবেশ শিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। অন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। সংবাদ বিজ্ঞপ্তি