সুনামগঞ্জ প্রতিনিধি : প্রাণ বাঁচাতে গ্রামছাড়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৯ পরিবার মানববন্ধন করেছে।
রবিবার দুপুরে এসব পরিবারের নারী, পুরুষ ও শিশুরা সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন গ্রামছাড়া রামচন্দ্র তালুকদার, সুমিত্রা রানী তালুকদার, আশু তালুকদার, শেফালী রানী তালুকদার, মিতালী রানী তালুকদার, জয়চাঁন তালুকদার ও তাদের আশ্রয়দাতা চম্পা রানী বিশ্বাস।
তারা অভিযোগ করেন, চাঁনপুর গ্রামের মাতব্বর সুজন হালদারের নেতৃত্বে সন্ত্রাসীরা একবছর আগে তাদের প্রায় ৩০ একর বোরো ও আমন জমি, বসতবাড়ি ও আসবাবপত্র জোরপূর্বক দখল করে এবং হামলা চালিয়ে তাদেরকে গ্রামছাড়া করে দেয়।
এরপর থেকেই ৯ পরিবারের সদস্যরা সাচনা বাজারসহ বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনায় তারা জামালগঞ্জ থানায় মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেফতার না করায় দখলকারীরা উল্টো মোবাইল ফোনসহ বিভিন্নভাবে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে।
গ্রামছাড়া হওয়ার কারণে ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে না পারায় তাদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং ৯ পরিবারের বসতবাড়ি ও জমিজমা উদ্ধারের দাবি জানানো হয়।