প্রবাসী কবি নূরুল ইসলামের দু’টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত January 27, 2026
প্রবাসী কবি নূরুল ইসলামের দু’টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

যুক্তরাজ্য প্রবাসী কবি অধ্যাপক মো নূরুল ইসলামের নতুন দু’টি কাব্যগ্রন্থ ‘বিশ্বজুড়ে আলো’ এবং ‘বোধ ও বেদনা’ অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি/১২ মাঘ) রাতে সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বুনন প্রকাশনীর উদ্যোগে প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও গবেষক ড আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘প্রবাসের কঠিন ও ব্যস্ত জীবনের মাঝেও যারা নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যান, তারা প্রকৃত অর্থেই সংস্কৃতির সৈনিক। কবি মো নূরুল ইসলাম সেই বিরল মানুষদের একজন, যিনি দূরদেশে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের আলো ছড়িয়ে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘মো নূরুল ইসলামের কবিতায় মানবিক বোধ, জীবনবোধ ও প্রবাসজীবনের বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ইউকের প্রেসিডেন্ট এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে ও বুনন প্রকাশনীর পরিচালক, বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, বিশ্বনাথ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ ও কথাসাহিত্যিক তাপসী চক্রবর্তী লিপি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী, কবি ও কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, ব্যবসায়ী এ টি এম শোয়েব, কবি আয়শা মুন্নী ও কবি শাব্বির জালালাবাদী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক আল আমিন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি মো নূরুল ইসলাম বলেন, “প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত থাকতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
অতিথিরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে থেকেও দীর্ঘদিন সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া নিঃসন্দেহে দুঃসাহসিক ও প্রশংসনীয় কাজ।
এ সাহিত্যচর্চায় কবির সহধর্মিণীর আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার কথাও অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয়।
তারা বলেন, মো নূরুল ইসলামের কবিতা বিশ্ববোধের সঙ্গে ব্যক্তিগত অনুভূতির এক সার্থক মেলবন্ধন।
কবি মো নূরুল ইসলাম ইতোমধ্যে ১২টি কাব্যগ্রন্থ প্রকাশ করে বাংলা সাহিত্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।