বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি ও সমাজ গঠনে প্রবাসীরা অনন্য ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে তাদের প্রেরিত রেমিট্যান্স যেমন অক্সিজেনের মতো কাজ করছে তেমনি দেশের গণতন্ত্র ও মানবাধিকারের আন্দোলনেও প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখছেন। আগামীর বাংলাদেশ গঠনে ও পরিবর্তনের সংগ্রামে প্রবাসীদের ঐক্য, সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের নিজস্ব ফুটবল মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইলিয়াসপত্নী আরও বলেন, বিএনপি সবসময় খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। আগামীতেও যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার মান উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
তিনি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে কমিটির সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল জলিল।
তিনি বলেন, বিশ্বনাথ থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষেই এ ট্রাস্ট কাজ করছে। আগামীতে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে।
বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও সমাজকল্যাণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য সচিব আজিম উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দয়াল উদ্দিন তালূকদার। স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
পরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।–সংবাদ বিজ্ঞপ্তি