নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক গণরায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠন করেছে।
এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারি/৪ ফাল্গুন) বিকেলে রাজধানীতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন তাকে ও তার মন্ত্রী পরিষদকে শপথবাক্য পাঠ করান।
নতুন মন্ত্রীসভায় সিলেট বিভাগ থেকে নির্বাচিত দু’জন সংসদ সদস্য পূর্ণমন্ত্রী হয়েছেন। তারা হলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের সাংসদ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আর আরিফুল হক চৌধুরীকে দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়াও প্রতিমন্ত্রীর মর্যাদায় দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন।
সিলেটের বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী এবং উপদেষ্টা হুমায়ুন কবিরকে অভিনন্দন জানানো হচ্ছে।