নিজস্ব প্রতিবেদক : দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পূর্বনির্ধারিত তারিখ ১ নভেম্বর অনুষ্ঠানের জন্যে সিলেট ব্যবসায়ী ফোরাম দাবি জানিয়েছে।
সোমবার (২৭ অক্টোবর/১১ কার্তিক) মহানগরীর একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে এই দাবি এবং নির্বাচন স্থগিতের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট ব্যবসায়ী ফোরামের সভাপতি প্রার্থী এহতেশামুল হক চৌধুরী।
তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন প্রক্রিয়া ব্যবসায়ী সমাজের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদার প্রতীক; কিন্তু দুঃখজনকভাবে এই নির্বাচন বানচালের অশুভ প্রচেষ্টা চলছে।
এহতেশামুল হক চৌধুরী বলেন, এবারের নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেলের মধ্যে একটির অর্ডিনারি পরিচালক পদে ১২ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন আপিল বোর্ড বাতিল করে। ফলে সিলেট ব্যবসায়ী ফোরামের প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজেদের বিজয় প্রায় নিশ্চিত জেনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছিলেন। তবে যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছে তাদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের প্রার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি দাবি করেন, প্রতিপক্ষ প্যানেল সংবাদ সম্মেলন করে সিলেট ব্যবসায়ী ফোরামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে।
তার দাবি, প্রতিপক্ষ প্যানেল অতীতের আন্দোলনের কিছু ছবি ও ভিডিও দেখিয়ে এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সিলেট ব্যবসায়ী ফোরামের প্যানেলের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, সিলেট ব্যবসায়ী ফোরাম ব্যবসায়ীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ এবং নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র রুখতে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে সিলেট ব্যবসায়ী ফোরামের অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন।