একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। যে পদ্ধতি দেশের মানুষ বুঝে না, জানে না, সেটা বাস্তবায়ন করা যাবে না। পিআর দেশের নির্বাচনী আইন বা সংবিধান কোথাও নেই; কিন্তু একটি কুচক্রী মহল পিআর পদ্ধতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তবে দেশবিরোধী এই চক্রকে মানুষ ভালো করেই চিনে। নির্বাচনে এদেরকে মানুষ উপযুক্ত জবাব দেবে।
তিনি আরও বলেছেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে হবে। এজন্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তারেক রহমান ঘোষিত ৩১ দফা। প্রত্যেক নেতাকর্মীকে ৩১ দফার বিষয়ে গুরুত্ব অনুধাবন করে সে আলোকে কাজ করতে হবে।
ফয়সল চৌধুরী এলাকার উন্নয়নে ও মানুষের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
শনিবার (২৭ সেপ্টেম্বর/১২ আশ্বিন) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরিতে একটি কমিউনিটি সেন্টারে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বদরুল আলম, গোলাম কিবরিয়া পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, যুবদলের যুগ্মআহবায়ক শাহাজান আহমদ, রাহাত চাকলাদার, সদস্য রেজাউল কবির, হোসাইন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সদস্য মুরশেদুর রহমান পলু, শ্রমিক দলের সহসভাপতি হেনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।–সংবাদ বিজ্ঞপ্তি