পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল পরিবেশ সংরক্ষণে নীরব ভূমিকা রাখা নাসির উদ্দিনকে সৌজন্য উপহার প্রদান করেছে।
শনিবার (১৮ জুলাই) তার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো নাসির উদ্দিনের পরিবেশ সংরক্ষণে নীরব ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড নিয়ে দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘নীরবে কাজ করছেন নাসির’ শীর্ষক সংবাদ তথ্য অধিদফতরের প্রেস ক্লিপিংসের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল সেদিন সার্বিক কর্মকাণ্ড পরিদর্শনে যায়।
সরেজমিনে দেখা যায়, নাসির উদ্দিন প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পর গ্রামের রাস্তাঘাট, নালা-নর্দমা ও ছড়া পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েন। বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়াও তাকে এ কাজ থেকে বিরত রাখতে পারে না। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় গ্রাম পরিচ্ছন্ন রাখার কাজটি তার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। পরিদর্শনকালে গ্রামের রাস্তাঘাটে কোনো আবর্জনা কিংবা গবাদি পশুর মলমূত্র চোখে পড়েনি, যা তার আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিনিধিদলকে নাসির উদ্দিনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান।
এলাকাবাসী জানান, পরিবেশ সংরক্ষণে তার এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও তার এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধিদলে ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো আবু বকর ছিদ্দিকী, পরিদর্শক মো মামুনুর রশিদ ও প্রসেস সার্ভার মনিরুজ্জামান। তারা নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তার পরিবেশবান্ধব কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন। পিআইডি সিলেট