নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও কৃষকদের ফসল নষ্টের ঘটনায় ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর/১৮ কার্তিক) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে এই দুঃখ প্রকাশ করা হয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে কৃষকদের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) আনুমানিক সকাল ১১টায় সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উপজেলার রসুলপুর নামক স্থানে ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের পিন্নানগর ক্যাম্পের একটি টহল দল অবৈধভাবে সীমান্ত পিলার ১৩৪৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুরমা নদী পার হয়ে অনুপ্রবেশ করে।
খবর পেয়ে বিয়াবাইল বিওপির নিয়মিত টহল দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই স্থানীয় জনগণের বাধার মুখে বিএসএফ টহল দল দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যায়; কিন্তু তারা এলাকায় ফসলের বেড়া ও ফসল বিনষ্ট করে।
খবর পেয়ে বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক একই দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানান।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার (৩ নভেম্বর/১৮ কার্তিক) দুপুরে ঘটনাস্থলে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক ও ১৭০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ১৯ বিজিবি অধিনায়ক ঘটনার তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে বিএসএফ কমান্ডেন্ট দুঃখ প্রকাশ করেন এবং জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্ষতিপূরণের বিষয়টি জানানো হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে অবৈধভাবে প্রবেশের বিষয়ে বিএসএফ সদস্যদের নির্দেশনা প্রদান করা হবে এবং বিএসএফ টহল দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।