হাবিবুর রহমান হাবিব, শাল্লা : বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের উপ রাষ্ট্রদূত দিস ওয়াউডস্ট্রা, প্রথম সচিব মেরিনা পাস্তর ও সিনিয়র পলিসি অ্যাডভাইজার ডা শিবলী সাদিক সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
বুধবার, ৩০ শে আগস্ট এই প্রতিনিধি দল উপজেলার শাল্লা ইউনিয়নের নাসিরপুর গ্রামে ব্র্যাক শাল্লা এলাকা অফিস পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা ও গার্ড ওয়াল নির্মাণ সহ নানা কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিনিধি দল প্রথমে নাসিরপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্যদের নিয়ে সভা এবং তাদের আর্থ-সামজিক অবস্থা ও স্যানিটেশন ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। সেই সঙ্গে পানি সরবরাহ ব্যবস্থাপনা কমিটি, গার্ড ওয়াল, অনুদানের মাধ্যমে প্রাপ্ত ল্যাট্রিন সুবিধাদি, টেলি মেডিসিন সেবা ও ব্র্যাক স্কুল পরিদর্শন-পর্যবেক্ষণ করেন। সব শেষে স্কুল শিক্ষার্থীদের পরিচালিত ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য অভ্যাসের উপর একটি নাটিকা উপভোগ এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের সদস্যরা ব্র্যাক-সমন্বিত উন্নয়ন কর্মসূচির এই কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।
এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (আইডিপি ও ওয়াশ) হোসাইন ইসরাত আদিব, প্রোগ্রাম হেড (ওয়াশ) মো জিল্লুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার (আইডিপি) মো কামরুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার (ওয়াশ) মো ফারুক হোসেন, মো শাহাজাহান আলী, ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ, ম্যানেজার (আইডিপি) মো সুলতান মাহবুব ও ব্র্যাক শাল্লা এলাকা ব্যাবস্থাপক মো মিজানুর রহমান।
এছাড়াও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, শাল্লা থানার অফিসার ইনাচার্জ মো আমিনুল ইসলাম ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।