সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট–৩ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ”আজ আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন বাংলাদেশ আবারও এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ দমন–নিপীড়ন, মিথ্যা মামলা ও কারাবাসের পর জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোট নয়-এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের চূড়ান্ত পরীক্ষা। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সিলেট হবে ধানের শীষের দুর্গ।”
তিনি আরও বলেছেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জনগণের দল। বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ এই সিলেটের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি কৃষকের ঘাম, গরিবের আশা এবং স্বাধীনতার চেতনার প্রতীক।
রবিবার (২৫ অক্টোবর/১০ কার্তিক) বিকেল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও গণসংযোগের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রায়হানুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুল, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, ইউনিয়ন বিএনপির সভাপতির মধ্যে আশরাফুল আলম বাহার ও আব্দুল মালিক মল্লিক, সাধারণ সম্পাদক পাবেল রহমান, আরিফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, আব্দুল বাছিত বাচ্ছু, মুক্তার আহমেদ ও আব্দুল করিম তখই সহ ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।–সংবাদ বিজ্ঞপ্তি