নিরাপদ টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে হবে : সিকৃবি উপাচার্য

প্রকাশিত June 24, 2026
নিরাপদ টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে হবে : সিকৃবি উপাচার্য

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআর একটি নীরব; কিন্তু অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটি ক্ষেত্রই এএমআরের প্রভাবে আক্রান্ত হচ্ছে। কৃষি ও প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোগজীবাণুর প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করছে, যা খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেছেন, আধুনিক কৃষি ব্যবস্থার মূল লক্ষ্য শুধু উৎপাদন বৃদ্ধি নয়; বরং নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করা। এজন্য প্রয়োজন বৈজ্ঞানিক জ্ঞান, সচেতনতা ও দায়িত্বশীল ব্যবস্থাপনা। এএমআর মোকাবিলায় গবেষণা, সঠিক নীতি বাস্তবায়ন ও কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
বুধবার (২৪ জুন/১০ আষাঢ়) সিকৃবির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এন্ড মর্ডান ফার্মিং’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালার কো-অর্ডিনেটর এবং মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড মৌসুমী পুরকায়স্থর সঞ্চালনায় ও কোর্স ডিরেক্টর প্রফেসর ড সুলতান আহমেদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ড আবুজাফর ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো শামসুজ্জামান এবং ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড এ এস এম মাহবুব প্রমুখ ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের পরিচালক, স্থানীয় পশু চিকিৎসক ও খামারিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি