নাসিরনগরে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত দেবর হবিগঞ্জ থেকে গ্রেফতার

প্রকাশিত March 27, 2026
নাসিরনগরে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত দেবর হবিগঞ্জ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত দেবরকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম এলাকার সাদিয়া আক্তার মাহিদদের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় আহাম্মদ আলীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে; কিন্তু পরিবার বিষয়টি টের পেয়ে আহাম্মদ আলীকে কাজ থেকে বিদায় করে দেয়। পরবর্তী সময়ে তারা পালিয়ে গিয়ে ২০২৩ সালের ১৬ জুলাই বিয়ে করে।
কিন্তু বিয়ের পর স্বামীসহ পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে সাদিয়া আক্তার মাহিদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে।
এক পর্যায়ে গত ২৩ ফেব্রুয়ারি সাদিয়া আক্তার মাহিদ মারা যায়। এ ব্যাপারে তারা পিতা বাদি হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মো কামাল মিয়াকে (২৫, পিতা আব্দুল করিম, খান্দুরা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।