নারীদের প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না : মমতাজ আহমেদ

প্রকাশিত October 25, 2025
নারীদের প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না : মমতাজ আহমেদ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, প্রশিক্ষণ গ্রহণ করে তৃণমূল নারীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন।
শনিবার (২৫ অক্টোবর/৯ কার্তিক) সিলেট মহানগরীর শাহজালাল উপশহর এলাকায় ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ ও বিক্রয়কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, অনেক নারী আছেন যারা প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে এখন অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। কাজেই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না- প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এতে নারীরা সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।
উল্লেখ্য এ প্রকল্পের মাধ্যমেই প্রশিক্ষণ গ্রহণ করে এসব নারী নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রভাষ চন্দ্র রায়, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, প্রকল্পের সহপরিচালক মো আব্দুর রাজ্জাক ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো গোলাম মোস্তফা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত এ প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ের নারীদের বিভিন্ন ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং প্রশিক্ষিত নারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা প্রদান করা হয়।–পিআইডি সিলেট