নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ২ জন নিহত ও ২ জন আহত হওয়ার ঘটনায় ‘রিফাত বাহিনী’র প্রধান ও তার সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, জেলার নবীনগর উপজেলার গণিশাহ মাজারে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের ‘রিফাত বাহিনী’ ও নূরজাহানপুর গ্রামের ‘শিপন বাহিনী’র মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ১ নভেম্বর রাত আনুমানিক ৮টায় গণিশাহ মাজারের পাশে একটি রেস্তোরাঁয় হামলা, পাল্টা হামলা ও গোলাগুলি হয়।
এ ঘটনায় শিপন ও ইয়াসিন নিহত এবং নূর আলম ও এমরান মাস্টার নামে দু’জন গুলিবিদ্ধ হন।
এই ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারীতে প্রাপ্ত ভিত্তিতে র্যাবের আভিযানিক দল গত ৭ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দিতে একটি বাড়িতে রিফাতের সন্ধানে অভিযান পরিচালনা করে; কিন্তু রিফাত র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সেখান থেকে ৮টি পাইপগানের মূলবডিসহ ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে গোয়েন্দা নজরদারী আরও বৃদ্ধি করা হয়। এর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক টিম সোমবার (১০ নভেম্বর/২৫ নভেম্বর) রাত ৩টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যমতে থোল্লাকান্দি গ্রামে রিফাতের ঘনিষ্ঠ সহযোগী লিমানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার এবং ১টি বিদেশী সচল পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড ৭.৬৫ তাজা বুলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত আহমেদ (২৫, পিতা মৃত মোস্তাক আহমেদ, থোল্লাকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) ও মো লিমান মিয়াকে (১৯, পিতা মো সেলিম মিয়া, থোল্লাকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পক্রিয়া চলমান রয়েছে।