নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায় কোনভাবেই থামছে না চুরি। চোরের দল বেপরোয়া হয়ে উঠেছে।
ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে কৃষক সিরাজ মিয়ার ৪টি গরু চুরি হওয়ায় তিনি নিস্ব হয়ে গেছেন।
শুক্রবার রাতে সিরাজ মিয়া তার গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে উঠে দেখেন, একটি গরুও গোয়ালে নেই। চোর তালা ভেঙ্গে প্রায় ২ লাখ মূল্যের গরুগুলো নিয়ে গেছে।
উল্লেখ্য, ইনাতগঞ্জ এলাকায় ব্যাপকহারে চুরি বৃদ্ধি পেয়েছে। প্রায় এক মাসে ১০/১২টি মোটরসাইকেল চুরিসহ বেশ কয়েকটি সিঁদেল চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী চুরি ঠেকাতে কোথাও কোথাও রাত জেগে পাহারা দিচ্ছেন।
তারা পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।