বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর প্রতিপক্ষসহ এলাকার নিরীহ লোকজনের বাড়িঘর লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর মান্দারকান্দি গ্রামে কৃষিজমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ইদ্রিছ মিয়া পক্ষের সাথে একই গ্রামের মজিদ মিয়া পক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে সংঘর্ষ থামাতে পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় উভয়পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়।
সংঘর্ষের এক পর্যায়ে ইদ্রিছ মিয়া পক্ষের লোকজন ধাওয়া দিয়ে মজিদ মিয়া পক্ষের বাড়িঘরে হামলা চালায়।
এ সময় সামানন্দ ভট্টাচার্য্য নামের এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা চালিয়ে হামলাকারীরা টিভি ও ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং নগদ অর্থ ও স্বর্ণলংকার মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।