নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারের মাধ্যমে এ অঞ্চল আলোকিত হবে : এনামুল হাবিব

প্রকাশিত September 9, 2022
নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারের মাধ্যমে এ অঞ্চল আলোকিত হবে : এনামুল হাবিব

নবীগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব এনামুল হাবিব বলেছেন, মানবজীবনে জ্ঞান অর্জন একটি অপরিহার্য বিষয়। জীবনকে জানতে হলে, নিজের সত্ত্বাকে উপলব্ধি করতে হলে, সর্বোপরি বড়ো মানুষ হতে হলে জ্ঞানার্জন করতে হবে। জ্ঞান অন্বেষণের প্রধানতম অনুষঙ্গ হচ্ছে বই পড়া। আর বই পড়ার উৎকৃষ্ট স্থান হচ্ছে গ্রন্থাগার। নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের মাধ্যমে একদিন এই অঞ্চল আলোকিত হবে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা রত্না দাশের সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক লিপটন দাশের সঞ্চালনায় সভার শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন দেলোয়ার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, বাংলাদেশ লাইব্রেরি ডেভেলপমেন্ট এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজু।