নবীগঞ্জ প্রতিনিধি : একটি মামলার তদন্ত করতে হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় বুরহানপুর গ্রামে একটি অবৈধ পাইপগান উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের কবরস্থান নিয়ে গ্রামবাসীর সঙ্গে লন্ডন প্রবাসী জাকির হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
গত ৬ জুন গ্রামের গেদা মিয়ার ছেলে রাহিম চৌধুরীর বিয়ে উপলক্ষে জাকির হোসেনের বাড়ির সামনে সরকারি রাস্তায় গেইট নির্মাণ করা হলে জাকির হোসেনের লোকজন তা ভেঙ্গে ফেলে। গ্রামবাসী পক্ষ থেকে গেইট ভাঙ্গার কারণ জানতে চাইলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি বর্ষণ এবং গুলিতে অন্তত ২০ জন আহত হন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে রাহিম চৌধুরীর পক্ষে তার চাচাতো ভাই ফখরুল চৌধুরী বাদি হয়ে ১০ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রবিবার, ১১ জুন বিকেলে মামলার তদন্ত করতে যান সাব-ইন্সেপেক্টর জাহাঙ্গীর আলম। এ সময় এই অবৈধ অস্ত্র, ৫টি খালি কাতুর্জ ও ৩টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর জাহাঙ্গীর আলম জানান, বুরহানপুর গ্রামে জাকির হোসেনের বাড়ির পূর্ব পাশে খালি জায়গার উত্তর দিকে নির্মাণাধীন ড্রেনের ভিতর থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে জাকির হোসেনের বোন সামিনা বেগম বলেন, তাদের প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে পুরুষ না থাকার সুযোগ নিয়ে তাদের পরিত্যক্ত জায়গায় এই অস্ত্র রেখে তাদেরকে ফাঁসাতে চায়।