নবীগঞ্জে মসজিদে হত্যাকাণ্ড || ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত November 8, 2025
নবীগঞ্জে মসজিদে হত্যাকাণ্ড || ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভিতরে ছুরিকাঘাতে মুসল্লি হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, গত ২২ আগস্ট নবীগঞ্জ উপজেলার হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামের একজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলার মূল অভিযুক্ত ইমরুল মিয়া ১৬ সেপ্টেম্বর গ্রেফতার হন। তবে ২ নভেম্বর জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন।
এতে ক্ষুব্ধ হয় জাবেদ মিয়ার পরিবার। এর জের ধরেই শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ইমরুল মিয়া মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদ মিয়ার ভাই রোসেল মিয়া তাকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত ইমরুল মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর/২৩ কার্তিক) মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার জিডি (নং-৩৪৭, তারিখ-০৭/১১/২০২৫ খ্রি) মূলে ইমরুল মিয়া হত্যার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রোসেল মিয়াকে (১৯ ,পিতা আতিক মিয়া, বনগাঁও, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।