নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র দাশ পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনী রেখে গেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ জানান, তার পিতা বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র দাশ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রবিবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী নবীগঞ্জ থানার একদল পুলিশ সহ উপস্থিত হয়ে জাতির এই বীর সন্তানকে গার্ড অব অনার দেন।
পরে স্থানীয় শ্মশানঘাটে তাকে দাহ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র দাশের মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নেতা গভীর শোক প্রকাশ করেছেন।