নবীগঞ্জে প্রবাসী হত্যা মামলার ১ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত January 7, 2026
নবীগঞ্জে প্রবাসী হত্যা মামলার ১ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জে জায়গা-জমি নিয়ে পারিবারিক কলহের জের ধরে প্রবাসী হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, নবীগঞ্জ উপজেলার নিশাকুড়ি গ্রামের আজমল হোসাইন প্রবাসে থাকাকালীন তার কেনা ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিগুলো তাকে না জানিয়ে তার ভাইয়েরা অন্যত্র বন্ধক দিয়ে নিজেদের মধ্যে টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়। তিনি দেশে আসার পর জানতে পেরে টাকা পরিশোধ করে বন্ধকী জমিগুলোতে নিজে চাষাবাদ শুরু করেন। এতে ক্ষেপে গিয়ে তার ভাই ও ভাতিজা তাকে মারধর করলে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। এতে আরো ক্ষেপে গিয়ে তার ভাই-ভাতিজারা তাকে হত্যার হুমকি দিতে থাকে।
এক পর্যায়ে গত ৭ নভেম্বর জুম্মার নামাজ আদায় করে আজমল হোসাইন মসজিদ হতে বের হলে তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় আজমল হোসাইনের স্ত্রী নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল গত ৫ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার চৌয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে আজমল হোসাইন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সেবু মিয়াকে (২৫, পিতা মৃত হানিফ উল্ল্যাহ, নিশাকুড়ি, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।