নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজ হওয়া যুবক হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ সূত্রে র্যাব-৯ জানায়, গত ২০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ঐ যুবক নিখোঁজ হয়। দুদিন পর আউশকান্দি-পিটুয়া-বনগাঁও রাস্তার হাছানখালী খালের কালভার্টের নিচে থেকে নবীগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ও র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শনিবার (৬ সেপ্টেম্বর/২২ ভাদ্র) রাত পৌণে ১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি মো আব্দুল আউয়ালকে (২৫, পিতা মো লেচু মিয়া, বনগাঁও, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।