নবীগঞ্জে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত August 28, 2022
নবীগঞ্জে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, দেবোত্তর সম্পত্তি নিয়ে করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রন দাশের সঙ্গে নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চায়েতি জলমহালে মাছ ধরা নিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে বাকবিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জন দাশ (৪১), পাপন দাশ (৩৫), সুজিত দাশ (৪৭), বিধু ভূষণ দাশ (৪২), অ্যাডভোকেট রাজেশ দাশ (৪০), ধনঞ্জয় দাশ (৩৪), মিনু দাশ (২৫), দিলু দাশ (২৮), যোগেন্দ্র দাশ (১৮), সৌরভ দাশ (১৮), রঞ্জন দাশ (৩১), সুমন দাশ (৩৫) ও নিলকণ্ঠ দাশকে (৪০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং তিন জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও আহত ২০ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেই এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করি। বিষয়টি সমাধানের স্বার্থে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমসহ স্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছি।’
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ডালিম আহমদ জনান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।