নবীগঞ্জ প্রতিনিধি : আজ বুধবার, ৮ নভেম্বর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক জাতীয় দৈনিক দিনকাল প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭ তম মৃত্যু বার্ষিকী।
কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌরসভার চরগাঁও এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব জানু মিয়া চৌধুরী ও মা সাহেদুন নেছা চৌধুরী। তিনি শিক্ষা জীবন শেষে সাংবাদিকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল, স্থানীয় সাপ্তাহিক স্বাধিকার ও পরিক্রমাসহ বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন। অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিকতার কারণে একাধিকবার তাকে হামলা ও হুমকির শিকার হতে হয়।
২০০৬ সালে ৭ নভেম্বর সকালে নিজের বাড়িতে আপন চাচা ও চাচাতো ভাইদের নির্মম হামলায় গুরুতর আহত হন সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম। পরদিন সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে চরগাঁওয়ে নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।
তার ছেলে সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী পিতার সহকর্মী সাংবাদিক, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে দোয়া কামনা করেছেন।