নতুন বাংলাদেশের চাহিদা অনুসারে প্রস্তুতি নিতে হবে : তথ্য সচিব

প্রকাশিত August 26, 2025
নতুন বাংলাদেশের চাহিদা অনুসারে প্রস্তুতি নিতে হবে : তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, নতুন বাংলাদেশের চাহিদা মোতাবেক কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট/১১ ভাদ্র) সিলেটের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৪ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরে সচিব বলেন, নতুন কর্মপরিকল্পনা তৈরি করে নতুন উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে। এছাড়া, দাপ্তরিক কাজের মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে।
কর্মকর্তা-কর্মচারীদের আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোনো অবস্থাতে আইন ও বিধিবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নিয়ম মেনে দাপ্তরিক সেবা প্রদান করতে হবে।
তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো মাহবুবুল হক ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। সভাপতিত্ব করেন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রিফাত ইয়াসমীন জাহান।
উল্লেখ্য, এই সঞ্জীবনী প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন।–পিআইডি সিলেট